পটুয়াখালী জেলা জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক সম্পাদক জাকির মাহমুদ সেলিমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের পুরাতন জেলখানা সড়কে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় সেলিমকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে রিকশাযোগে শহরের শিমুলবাগের নিজ বাসায় ফিরছিলেন সেলিম। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে অতর্কিতে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
সেলিম বলেন, তার কোনো শত্রু নেই। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে এ হামলা হয়েছে বলে তার ধারণা।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) এসএম তারিকুজ্জামান জানান, এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।
কেএইচ





