জামালপুরের ইসলামপুর উপজেলায় সমেদ আলী নামের (৫৫) ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সমেদ কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ছিলেন। তিনি কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের সাহেব আলীর ছেলে। পাঁচ বছর ধরে তিনি লালমনিরহাট জেলায় পরিবার নিয়ে বাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সমেদ বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামের একটি দোকানে বসে ছিলেন।

এ সময় পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত সমেদ আলীকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সমেদ নিহত হন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি যমুনা নদীর ওই পাড়ে। দুর্গম চরে হওয়ায় হেঁটে ও নৌকায় করে যেতে হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এমবি