গাজায় ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, এ বিষয়টি মন্ত্রিসভায় এজেন্ডায় ছিল না, গাজা এলাকায় গত কয়েকদিন ধরে ইসরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে। নারী-শিশুসহ বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে। এটি মারাত্মকভাবে মানবাধিবার লঙ্ঘন। মন্ত্রিসভা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
গাজায় গত ছয়দিন ধরে টানা বিমান হামলায় এ পর্যন্ত দেড়শরও বেশি ফিলিস্তিনি নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে হতাহতদের তিন-চতুর্থাংশই বেসামরিক নাগরিক।
সচিব আরও জানান, মন্ত্রিসভা বলেছে, ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের সমর্থন আছে এবং থাকবে।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর