ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেও নির্বাচন নিয়ে সাংবাদিকদের কাছে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এ কূটনীতিক। মার্কিন এ কূটনীতিক ছাড়াও নির্বাচনে ভোট পর্যবেক্ষণে আছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনিও বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তরের রাজধানীর রামপুরায় ইকরামুন্নেসা হাইস্কুল ভোট কেন্দ্র এবং তেজগাঁওয়ে মনু মিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

ভোটকেন্দ্র পরিদর্শনের এক পর্যায়ে তার কাছে সাংবাদিকরা ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় তিনি গণমাধ্যমকে এড়িয়ে যান এই বলে আমরা শুধু পর্যবেক্ষণ করছি, কোনো মন্তব্য নয়। এদিকে ভোট চলাকালে রামপুরার একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এ সময় তিনি ভোটকেন্দ্রের ভেতরে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

তবে পরিস্থিতি কেমন দেখলেন জানতে চাইলে তিনিও কোনো মন্তব্য করেননি। মার্কিন দূতাবাস জানায়, ঢাকার দুই সিটিতে ভোট চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এই দুই সিটিতে এবারই প্রথম সম্পূর্ণভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে।

এএস