মাগুরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সদর উপজেলার মাঝাইল গ্রামে ৫টি বাড়ি ও দোকান ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘোড়া প্রতীকের কর্মী রহমত বিশ্বাসের সঙ্গে মোটরসাইকেল প্রতীকের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতা ইবাদত বিশ্বাস অভিযোগ করে জানান, মঙ্গলবার মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে পরাজিত হয়ে পার্শ্ববর্তী বেরইল গ্রামের বিএনপি নেতা মিলন সিকদারের সমর্থকরা মাঝাইল গ্রামের রশিদ বিশ্বাস, রহমত বিশ্বাস, রাশেদুল ইসলাম, ইসরাইল বিশ্বাস তার বাড়ি ও দোকান ঘরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজসহ যাবতীয় আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে।
তিনি আরও জানান, বুধবার সকালে ভাঙচুরকৃত ঘরবাড়ি ও মালামাল প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রোস্তম আলী ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, ভাঙচুরের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ





