কিশোরগঞ্জের নিকলি হাওর পর্যটন এলাকা পরিদর্শনে এসে ট্রলার থেকে পড়ে নিখোঁজ ব্যবসায়ী সৈয়দ জাহিরুর রহমান সাগরের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে সাতইচর এলাকা থেকে ঘোড়াউত্রা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার রাতে জেলার নিকলী-মিঠামইন হাওরে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধারে অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ সাগর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি যশোর সদরের কাজীপাড়া কাঁঠালতলা গ্রামে।
নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে জেলার নিকলী উপজেলা সদরের বেড়িবাঁধ পর্যটন এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বন্ধুদের সঙ্গে মিঠামইনের হাওরে ঘুরতে যান সাগর। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে নিকলী সদরে ফিরে এসে গাড়িতে ওঠার সময় সাগরকে খুঁজে পাচ্ছিলেন না বন্ধু ও সহযাত্রীরা। তবে নিখোঁজের দুদিন পর রোববার সকালে সাতইচর এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এমবি





