প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে জাতীয় ওয়েব পোর্টালের জন্য পাওয়া ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০১৫ উৎসর্গ করেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মোশাররাফ হোসাইন ভুইঞা জানান, গত বছরের ২৩ জুন জাতীয় ওয়েব পোর্টাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। জাতীয় ওয়েব পোর্টালে এ পর্যন্ত ২৫ হাজার প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন শুধু স্বপ্ন নয় বরং বাস্তবতা। দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব স্তরের মানুষ এর সুফল পেতে শুরু করেছে।
ডব্লিউএসআইএস পুরস্কার ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি আন্তর্জাতিক স্বীকৃতি। প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতি এই পুরস্কার উৎসর্গ করেছেন।
গত ২৬ মে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আইসিটি সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দফতরে ‘অ্যাকসেস টু ইনফরমেশন অ্যান্ড নলেজ ক্যাটাগরিতে’ জাতীয় তথ্য বাতায়নের জন্য বাংলাদেশ এ পুরস্কার লাভ করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (এক্সসেট টু ইনফরমেশন) প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার ডব্লিউএসআইএস পুরস্কার গ্রহণ করেন।
তিনি জানান, ডব্লিউএসআইএসের প্রাথমিক বাছাইয়ে তিন নম্বর ক্যাটাগরিতে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, ইন্দোনেশিয়া, মিশর, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি ও পোল্যান্ডের ৪৬টি উদ্ভাবনী প্রকল্প মনোনীত হয়েছিল।
এআর





