দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলি ও আক্রমনে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিহত আলাউদ্দিন জুয়েল (৩০) নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজা মাইনুদ্দিনের ছেলে। বাংলাদেশী প্রবাসি জুয়েল ২০০৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন বলে তার পরিবার জানায়।
জুয়েলের বাবা খাজা মাইনুদ্দিন সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি মার্কেটে তার ছেলে একজনের সাথে পার্টনারশীপে ব্যবসা করতেন।
তিনি বলেন, মোহাম্মদ কামাল নামে জুয়েলের এক বন্ধু আফ্রিকা থেকে মোবাইলে তাদের জানান, কয়েকজন সন্ত্রাসী জ্বানালা ভেঙ্গে জুয়েলের দোকানে ঢুকে পড়ে এবং দোকানের টাকা পয়সা লুট করার চেষ্টা চালায়।
কিন্তু জুয়েল ও তার ব্যবসায়ীক পার্টনার সন্ত্রাসীদের টাকা দিতে অস্বীকার করলে তারা দুজনের ওপর গুলি চালায় এবং নির্মমভাবে তাদেরকে দোকানের মধ্যে টানাহেচড়া করে মৃত্যু নিশ্চিত করে।
এ ঘটনা জানতে পেরে জোহানেসবার্গে জুয়েলের বন্ধুরা ঘটনাস্থলে চলে যান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েল ও তার ব্যবসায়ীক পার্টনারের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে, জুয়েল কার সাথে পার্টনারশীপে ব্যবসা করতেন সে ব্যাপারে তার বন্ধু কামাল কিছু জানাতে পারেনি বলে সাংবাদিকদের জানিয়েছেন জুয়েলের পরিবারের সদস্যরা।
কেবি





