নাটোরের বাগাতিপাড়ায় ভেজাল গুড় তৈরির দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ আহমেদ এ আদেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) কয়েকজন সদস্য বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামে অভিযান চালায়। এ সময় লালি গুড়ের সঙ্গে চিনি ও রং মিশিয়ে আখের গুড় তৈরির ভেজাল কারখানার সন্ধান পায় তারা। এ ঘটনায় ওই কারখানার মালিক ও পাঁচ শ্রমিককে আটক করা হয়।

তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মাহবুব হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া, ওই কারখানার শ্রমিক অসীম, গৌর, নির্মল, বিশ্বনাথ ও প্রতুলকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, জরিমানার অর্থ না দেওয়ায় কারখানার মালিক মাহবুবকে সাত মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-৫ বাগমারা ক্যাম্পের ইনচার্জ কমান্ডার এএসপি নাসির আল জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ