প্রতিবন্ধী, বেদে ও হিজড়াদের জন্য ঘর বানিয়ে দেবে সরকার। এক্ষেত্রে ঘরপ্রতি ৩ লাখ টাকা ব্যয় করা হবে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ তথ্য জানান।
ডিজঅ্যাবেলিটি ইনক্লুসিভ ডিজ্যাসটার রিস্ক ম্যানেজমেন্ট বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্সের ওই বৈঠকে উপস্থিত ছিলেন টাস্ক ফোর্সের প্রধান উপদেষ্টা সায়মা হোসেন।
প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘আমাদের যে টিআর কাবিখার বিশেষ বরাদ্দ ছিল, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। সেই ফান্ডটি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আমরা ১১ হাজার ৬০৪টি ঘর নির্মাণকাজ সম্পন্ন করেছি। এ বছর আবার ২৩ হাজার ঘর নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছি।
এ ছাড়া আমরা বেদে, হিজড়া ও প্রতিবন্ধীদের কিছু রিজার্ভ ঘর দেয়ার জন্য বরাদ্দ দিয়েছি। সেখানে আমরা তাদের ঘর তৈরি করে দেব। আগে একটি ঘর তৈরি করতে খরচ হতো ২ লাখ ৫৮ হাজার। এখন নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ টাকা।
তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর নির্দেশনায় করা হচ্ছে। এ ছাড়া গত বছর থেকে নির্মাণ ব্যয় বাড়িয়ে ঘরের নকশা ও মান ভালো করা হয়েছে বলে জানান তিনি।
সভায় সিদ্ধান্তের কথা জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগপ্রবণ এলাকায় গৃহহীন ব্যক্তির তালিকায় প্রতিবন্ধীদের আনার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধীদের ঘরের সহায়তার জন্য কথাও বলা হয়েছে।
এএস





