কপোতাক্ষ নদে ঝিনুক কুড়াতে গিয়ে চোরা বালিতে আটকা পড়ে নাইজান খাতুন (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার দুপুরে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদে এ ঘটনা ঘটে।

নাইজান খাতুন খাজরা গ্রামের খানজাহান আলী গাজীর মেয়ে।

আহত রহিমা ও মরিয়ামকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম জানান, নাইজান দুই সহযোগী রহিমা ও মরিয়ামকে নিয়ে প্রতিদিনের মতো ঝিনুক কুড়াতে কপোতাক্ষ নদে যান। হঠাৎ জোয়ারের পানি বৃদ্ধি পেলে চোরা বালিতে আটকা পড়েন তারা। তাদের চিৎকার শুনে স্থানীরা এসে রহিমা ও মরিয়ামকে উদ্ধার করতে পারলেও নাইজান পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ