ঈদুল ফিতরের দিন ঢাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দেশের কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদফতর সোমবার সন্ধ্যায় জানায়, মঙ্গলবার ঢাকায় সোমবারের মতো হালকা বৃষ্টি হতে পারে, ভারি কিংবা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদেশে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সাধারণত ২০ মিলিমিটারের ওপরের বৃষ্টিপাতকে ভারি বৃষ্টিপাত বলা হয়। ১০ থেকে ১৯ মিলিমিটার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত ও ১০ মিলিমিটারের কম বৃষ্টিপাতকে বলা হয় হালকা বৃষ্টিপাত।

সোমবার সকালে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ