তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে এক নম্বর আউটসোর্সিং দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত (২০১৫-১৬) অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের দূরদর্শী চিন্তাভাবনার কারণে টেলিকমিউনিকেশন সেক্টরে উন্নয়নের মাধ্যমে বিশ্বের ৫ বৃহৎ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছি। আগামী ২০১৮ সালের মধ্যে আইসিটি খাত থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে প্রতিবছর ১১৮টি  বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ২০ হাজার আইটি গ্রাজুয়েট বের করা হচ্ছে। সরকার ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার নির্মাণের মাধ্যমে ১১ হাজার তরুণ-তরুণীকে চাকরি দিয়ে বিশ্বের কাছে নজির স্থাপন করার উদ্যোগও গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে ১২ কোটি ৪৭ লাখ মোবাইল ব্যবহারকারী রয়েছে, যা  মোট জনসংখ্যার ৮১ শতাংশ। এ ছাড়া চার কোটি ৪২ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। চার হাজার ৫৪৭টি ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র (ইউডিসি) এবং ৩৮৭টি পৌরসভা ডিজিটাল কেন্দ্র (পিডিসি) নির্মাণ করা হয়েছে। সারা দেশে ৫ হাজার ২৭৫টি আইটি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। গত ৭ বছরে সাড়ে সাত লাখ আইটি পেশাজীবী তৈরি হয়েছে। বর্তমানে দেশের আইটি সেক্টরের ১ হাজার কোম্পানি দেশে-বিদেশে কাজ করছে।

তিনি বলেন, ১২টি আইটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সবগুলো বিভাগীয় শহরে আইটি পার্ক নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে সব জেলা শহরে নির্মাণ করা হবে একটি করে হাইটেক পার্ক।

তিনি আরো বলেন, সরকার ৫৫ হাজার ব্যক্তিকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হয়েছে।

ইআর