গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রিন্স মাহমুদ নাহিদ (২৮) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন বরান মুন্সিপাড়া রোডে এ ঘটনা ঘটে।

নিহত প্রিন্স মাহমুদ নাহিদ (২৮) টঙ্গীর পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মণ্ডল জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে টঙ্গী পূর্ব থানাধীন বরান মুন্সিপাড়া রোড এলাকায় বাড়ির পাশে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ছাত্রলীগের সদস্য প্রিন্স মাহমুদ নাহিদকে অপর গ্রুপের সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে প্রিন্স মাহমুদ নাহিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।