রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৩৭ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার (ওসি, তদন্ত) মাহাবুবার রহমান ৩৭ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পীরগঞ্জ আমলি আদালতে ৩৮ জন আসামিকে আদালতে তোলা হলে বিচারক ফজলে এলাহী খান ৩৭ জনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের মধ্যে এক আসামির বয়স ১৮-এর কম হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) শহিদুর রহমান গণমাধ্যমকে এইসব তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গত রোববার রাতে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের উত্তরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের প্রায় সবগুলো বাড়িঘরে হামলা চালানো হয়। এই ঘটনায় মঙ্গলবার সকালে ২টি মামলা করেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। এতে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে।

আরেকটি মামলায় এক জনকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়েছে। মামলায় গ্রেফতার আসামি পরিতোষ সরকার তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলার সহকারী পুলিশ সুপার মো: কামরুজ্জামান বলেন, “বুধবার রাতে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক সুপথ হালদার এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে করা নতুন মামলায় দুজনকে আসামি করা হয়েছে। আল আমিন ও উজ্জল হাসান নামে ওই দুজনকে গ্রেফতারও করা হয়েছে।”

এমবি