ফরিদপুর জেলার বোয়ালমারীতে এনজিও’র কিস্তির টাকা পরিশোধ না করতে পেরে রবিউল মোল্যা (৩০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত রবিউল মোল্যা (৩০) বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কামারগ্রামের শুকুর মোল্যার পুত্র। তিনি দুই সন্তানের জনক।
পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার (২৭ আগষ্ট) নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগায় রবিউল। বুঝতে পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র সরকার তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পৌরসভার কাউন্সিলর শেখ আজিজুল হক জানান, রবিউল মোল্যা পেশায় বিদ্যুত মিস্ত্রি। সে একাধিক এনজিও থেকে ৪/৫ লক্ষ টাকার ঋণ উত্তোলন করেছিল।
প্রতি সপ্তাহে এই ঋণের কিস্তির জন্য বড় অংকের টাকা পরিশোধ করতে হত তাকে। কিস্তি পরিশোধ না করতে পারায় রবিউল মোল্যা আত্মহত্যার পথ বেছে নেয়।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
এএস





