গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ঠেংঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) শাখার এক নারী মাঠকর্মীর যৌন হয়রানির অভিযোগে দায়েরকৃত মামলায় ব্যবস্থাপক আসাদুজ্জামান সরকারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
ওই মাঠকর্মী নিজে বাদী হয়ে শুক্রবার সাঘাটা থানায় মামলা দায়ের করার পর পরেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বোনারপাড়া শিমুলতাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করে।
আসাদুজ্জামান সরকার ঠেঙ্গামারা মহিলা সংঘের (টিএমএসএস) সাঘাটা উপজেলার বোনারপাড়া শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, টিএমএসএসের বোনারপাড়া শাখার শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান সরকার তার অধিনস্ত ওই নারী মাঠকর্মীকে চার মাস ধরে যৌন হয়রানি করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় গত ৩১ মে সকাল ৮টার দিকে ওই মাঠকর্মী অফিসে যান। এসময় অফিস ফাঁকা থাকার সুযোগে আসাদুজ্জামান সরকার তাকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন।
তিনি আরও জানান, অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে নথিভূক্ত করা হয়। এর পরপরেই তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
যৌন হয়রানিরর শিকার নারী মাঠকর্মী জানান, বিষয়টি নিয়ে এর আগে টিএমএসএসের জোনাল প্রধান ও অঞ্চলিক ম্যানেজারকে মৌখিকভাবে অভিযোগ করি। কিন্তু আসাদুজ্জামানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হওয়ায় মামলা করি।
টিএমএসএসের গাইবান্ধার অঞ্চলিক ম্যানেজার আশরাফুল ইসলাম জানান, ওই মাঠকর্মীর বিরুদ্ধে অফিসের টাকা আত্মসাতের অভিযোগ উঠায় আসাদুজ্জামানের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ তুলে মামলাটি করেছেন।
মৌখিক অভিযোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করে টিএমএসএসের জোনাল প্রধান রেজাউল করীমজানান, আসাদুজ্জামান গ্রেফতার হওয়ার পরেই ঘটনাটি জানলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ





