পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে রেজাউল ইসলাম (২২) নামে আরও এক যুবক মারা গেছেন।
আজ (০১ মার্চ) শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই আরো জানান, রেজাউলের শরীরের ৫১ ভাগ পুড়ে গিয়েছিল।
চকবাজার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। ঘটনাস্থলে অবশ্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, শেষ পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন খবরে বুঝা যাচ্ছে নিহতের সংখ্যা ৮০ বা ৮১ হতে পারে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ একটি ডেড বডির জায়গায় দু’তিন টি ডেড বডিও রাখা হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে অনেকেই হতাহত হন। ওই রাতেই মারা যান ৬৭ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এরপর গত সোমবার রাতে দুজন মারা যান। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি যান তিনজন। এরপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে আজ রেজাউল মারা গেছেন। এখন তিনজন চিকিৎসাধীন আছেন।
এমবি





