বগুড়ার ধুনটে সজল সাকিদার (২২) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সরু গ্রামের তিন মাথা এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সজল উপজেলার সুরু গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পিএম সরকার জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে সজল তার ব্যাটারিচালিত অটোরিকশাটি গ্রামের তিনমাথা এলাকার একটি দোকানে চার্জ দিয়ে বাড়ি ফিরছিলেন।

কিছু দূর আসার পর দুর্বৃত্তরা সজলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে সজল ঘটনাস্থলে মারা যান।

পরে সংবাদ পেয়ে সজলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ (শুক্রবার) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পুলিশ।

এসএম