রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাইসহ দু’জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দোষী প্রমাণিত না হওয়ায় দু’জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুজ্জামান রবিবার দুপুরে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ওসমান আলী (৭২) ও তার ছেলে মোহসীন (৩৫)।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী এপিপি আখতারুজ্জামান পলাশ এ্যাডভোকেট জানান, ২০০৩ সালের ২২ আগস্ট পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের নবীউদ্দিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। পথে ছোট ভাই ওসমান গনি ও তার ছেলে মোহসীনসহ কয়েকজন নবীউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নবীউদ্দিনের ছেলে খায়রুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১২ বছর মামলাটি চলার পর সাক্ষ্যগ্রহণ শেষে দু’জনের ফাঁসির আদেশ দেন বিচারক। তবে আসামি মোহসীন আলী পলাতক থাকায় গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে রায় কার্যকর করার কথা রায়ে উল্লেখ করা হয়।
এ ছাড়া দোষী প্রমাণিত না হওয়ায় আসামি ওবায়দুর রহমান ও লাকী বেগমকে বেকসুর খালাস দেন বিচারক।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী খায়রুল ইসলাম। দ্রুত মামলার রায় কার্যকরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
এএইচ





