বর্তমানে যে সীমানা জটিলতা রয়েছে তা দূর হলেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা নির্বাচন করতে আগে থেকেই প্রস্তুত কিন্তু উত্তর ও দক্ষিণের কিছু সীমানা জটিলতা থাকার কারণে তা করা সম্ভব হচ্ছে না তবে সব সমস্যা দূর হলেই নির্বচন দেয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমানে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। তাই এখন নির্বাচন করতে হলে পুরানো ভোটার তালিকা দিয়ে নির্বাচন করতে হবে। এতে প্রায় ৫ লাখ নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।
সিইসি বলেন, আমাদের পাবলিক পরীক্ষার বিষয়টিও বিবেচনায় নিতে হবে বড় বড় পরীক্ষাগুলো চলাকালে আমরা নির্বাচন এড়িয়ে চলি। তাই পরীক্ষার সময়সূচি দেখে প্রস্তুতি নেয়া হবে।
সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম ও যুগ্মসচিব জেসমিন টুলী উপস্থিত ছিলেন।
কেএইচ





