সাভারে মসজিদের ইমাম নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাভার বনগাঁও ইউনিয়নের পাঁচ বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাঁচ বনগাঁও গ্রামের ইব্রাহিম (৫০), তার স্ত্রী পারভীন (৩৫), চাচা হেলাল উদ্দিন (৩৬), বাশার মিয়া (৬৫) ও সালাউদ্দিন (৪০)।
স্থানীয়রা জানান, সকালে পাঁচ বনগাঁও গ্রামে বায়তুল ওলী জামে নামে একটি মসজিদে এখলাস মোল্ল্যা নামে এক ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ নেন ইব্রাহিম নামে ওই ব্যক্তি। কিন্তু ওই মসজিদে এখলাস মোল্ল্যাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হবে না বলে জানান প্রতিবেশী ফরহাদ।
পরে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ ফরহাদ, সোহেল ও মিলন ইব্রাহিমের উপর হামলা চালায়। এ সময় ইব্রাহিমকে বাঁচাতে গেলে তার স্ত্রীসহ একই পরিবারের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় প্রতিপক্ষের হামলাকারীরা।
পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের পলাশ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এমএনজে





