নোয়াখালী ও ময়মনসিংহ জেলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের হামলায় দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল রোববার রাতে এ ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে একজন প্রবাসী ও আরেকজন ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী:
নোয়াখালীতে মাদক ব্যবসা নিয়ে কথা কাটাকাটির জেরে মাদকসেবী ও ব্যবসায়ীদের বল্লমের আঘাতে ইসমাইল নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিপন নামের আরও একজন। রোববার রাত ৯টার দিকে বেগমগঞ্জের আলাইয়াপুর রমনীর হাট নামক স্থানে এই ঘটনা ঘটে।
জানা যায়, এলাকায় মাদক ও অন্যান্য বিষয় নিয়ে নিহত ইসমাইলের সঙ্গে এলাকার স্থানীয় যুবক কিবরিয়া, রবিন, ইকবাল, সজল ও মহিনরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরি ও বল্লম নিয়ে ইসমাইল ও তার ভাতিজার উপর আক্রমণ করে। এতে বল্লমের আঘাতে ঘটনাস্থলে প্রবাসী ইসমাইলের মৃত্যু হয়।
পরে এসময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আমরা ঘটনা স্থলে গিয়েছি এবং বিস্তারিত জেনেছি এবং থানা মামলার প্রক্রিয়া চলেছে।
ময়মনসিংহ:
এদিকে ময়মনসিংহ শহরে দুর্বৃত্তদের আঘাতে এক ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের নাসিরাবাদ কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হীরা (২৫)। তিনি নাসিরাবাদ কলেজের কর্মচারী হানিফের ছেলে। হীরা পরিবারের সঙ্গে কলেজ আবাসিক এলাকায় বসবাস করতেন। তিনি (ভাঙাড়ি) পুরাতন লোহালক্কড়ের ব্যবসা করতেন।
হীরার পরিবারের সদস্যদের অভিযোগ, পলাশ নামের এক যুবক হীরার কাছে পাঁচ হাজার টাকা পেতেন। এই টাকা নিয়ে গত দুদিন ধরে ঝামেলা হচ্ছিল। পলাশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। টাকা পাওনাকে কেন্দ্র করে তিনিসহ তাঁর সঙ্গীরা হীরাকে মাদক ব্যবসায় জড়িত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ঘটনার পর পরই সন্দেহভাজন সুমন নামের এক যুবককে আটক করা হয়েছে। আরো কয়েকজনের নাম জানা গেছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেড





