যশোরে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতরণা করার সময় জামাল হোসেন (৫০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের সিভিল কোর্ট মোড় থেকে তাকে আটক করা হয়। আটক জামাল হোসেন খুলনার দাকোপ থানার চালনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শহরের সিভিল কোর্ট মোড়ে জিনের বাদশা পরিচয় দিয়ে সালেহা বেগম নামে এক নারীর কাছ থেকে স্বর্ণ ও টাকা নিচ্ছিলেন জামাল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ সময় একজোড়া কানের দুল, চুরি ও তিন হাজার একশ’ টাকা উদ্ধার করা হয়।

জামালের সহযোগী মংলা এলাকার মাজেদ নামে আরেক প্রতারক পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় বলে জানান ওসি।

কেএইচ