সারাদেশে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমদিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা।
এ বছর নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। তার মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী। মোট ৩ হাজার ৫১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
সকালে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন ডা. দীপু মনি। তিনি বলেছেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করার পরামর্শ দিয়ে বলেছেন, প্রশ্নফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর অ্যাকশন নেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা এ ব্যাপারে সর্বোচ্চ সজাগ ও সতর্ক আছে।
গত বছর মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। সেই হিসাবে এবার মোট ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কম। এবার সারা দেশে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
তবে গত বছরের তুলনায় এবার শিক্ষাপ্রতিষ্ঠান ২০২টি ও কেন্দ্র ১৫টি বেড়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, অন্যবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।
এএস





