বেনাপোল কাস্টম হাউজের কম্পিউটারাইজড সিস্টেমের এসআইকোডা ওয়ার্ল্ডের সার্ভারে ত্রুটির কারণে সময়মতো পণ্য শুল্কায়ন ও খালাস করতে পারছে না ব্যবসায়ীরা। মংগলবার সকাল থেকে এ শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সার্ভারে কোনো গতি ছিলনা। মাঝে মধ্যে কিছুটা সচল হলেও কোনো কাজ করা যাচ্ছে না।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে সার্ভারের গতি কমে যাচ্ছে। আবার কখনো সংযোগই থাকে না। রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। এতে নির্দিষ্ট সময়ে কাজ করতে না পেরে ব্যাহত হচ্ছে শুল্কায়ন ও খালাস কার্যক্রম।সার্ভার ত্রুটির কারণে আমদানি-রপ্তানির কাজ যথাসময়ে করা সম্ভব হচ্ছে না।
কাস্টমসের সহকারী প্রোগ্রামার আক্তারুজ্জামান জানান, এনবিআরের কেন্দ্রীয় সার্ভার থেকে দেশের সব শুল্ক বন্দরে সংযোগ দেওয়া হয়। সেখানে সার্ভারের ত্রুটির কারণে ও লাইনের ধীরগতির কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমান সিস্টেম সরাসরি জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রণ করে থাকেন। বিষয়টি তাদের অবহিত করা হয়েছে।
অনলাইনে আমদানি-রপ্তানি পণ্যের দ্রুত শুল্কায়ন ও রাজস্ব বাড়ানোর জন্য ২০১৪ সালের ৩০ নভেম্বর থেকে বেনাপোল কাস্টম হাউসে অত্যাধুনিক প্রযুক্তির অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালু করে এনবিআর। কিন্তু ঘন ঘন সার্ভার বিকল হওয়ায় সময়মতো পণ্য ডেলিভারি নিতে না পারায় একদিকে আমদানিকারকদের লোকসান হচ্ছে, অন্যদিকে বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব আহরণও বিঘ্নিত হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান জানান, সার্ভারের সমস্যার কারণে অনলাইনে আমদানি পণ্যের আইজিএম দাখিল ও অ্যাসেসমেন্ট নোটিস পেতে দুই শতাধিক বিল অব এন্ট্রি দাখিল করা হলেও বিকেলের দিকে ৪০-৫০ টির বি/ই এন্ট্রি করা সম্ভব হযেছে। শুল্কায়নে কোনো বিল অব এন্ট্রি অ্যাসেসমেন্ট নোটিস মিলছে না। ব্যাংকেও চালান পরিশোধ করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।
তিনি জানান, যথাসময়ে শুল্কায়ন করতে না পারায় বন্দর থেকে পণ্য খালাস নিতে পারেননি অনেকে। সারাদেশের শুল্কায়ন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ন্যাশনাল সার্ভারকে সর্বক্ষণিক সচল রাখার পাশাপাশি সংকটকালে বিকল্প ব্যবস্থা জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। তবে রাতে সব বি/ই এন্ট্রি করতে পারবে কম্পিউটার অটারেটররা।
ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কামার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, প্রায় ইন্টারনেট লিংক সমস্যার কারণে কাস্টমের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। বিষয়টি বার বার বেনাপোল কাস্টম কর্তৃপক্ষকে জানানো হলেও এ ব্যাপারে তারা অসহায়ত্বের কথা বলে জাতীয় রাজস্ব বোর্ডে যোগাযোগের পরামর্শ দেন।
সার্ভারে ঘন ঘন ত্রুটি দেখা দিলেও ‘গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড উদাসীন।
নাসির/ই





