চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও দু’বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী এ আদেশ দেন। আসামি মনিরুল ইসলাম এ সময় আদালতে উপস্থিতি ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মনিরুল ইসলাম (৩৭)। তিনি চৈতন্যপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ১ মার্চ তারিখ রাতে কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে স্ত্রী চম্পা বেগমের (৩০) সঙ্গে মনিরুল ইসলামের ঝগড়া হয়। এক পর্যায়ে চম্পার পরনের শাড়ির আঁচল পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মনিরুল।
এ ঘটনায় পরের দিন চম্পা বেগমের মা আনারকলি বেগম বাদী হয়ে আট জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ সরকার ওই বছরের ১৭ এপ্রিল মনিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
কেএইচ





