গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় পিকআপভ্যানের ধাক্কায় একটি যাত্রীবাস উল্টে খাদে পড়ে গেছে। এ সময় পিকআপভ্যানের ধাক্কায় আরেকটি মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলের মির্জাপুরের নিশ্চিন্তপুর গ্রামের নাজিমউদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) ও পথচারী মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়াপাড়া এলাকার গেদু মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন লেবু (৪৫)। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

কোণাবাড়ী হাইওয়ে থানার ইনচার্জ আবু দাউদ জানান, ঢাকাগামী মাছবোঝাই একটি পিকআপভ্যান পাশ দিয়ে চলা মোটরসাইকেলকে ধাক্কার হাত থেকে বাঁচাতে চেষ্টা করে। কিন্তু পিকআপভ্যানটি বেপরোয়াভাবে চালানোর কারণে মোটরসাইকেলটিসহ সেখানে দাঁড়িয়ে দিয়ে থাকা একটি বাসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাসটি উল্টে এক পথচারী ও মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন আরও পাঁচজন।

পুলিশ নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ