বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন,“স্বাধীনতা মহান আল্লাহ তায়ালা প্রদত্ত মৌলিক অধিকারের অন্তর্ভূক্ত। স্বাধীনতা ও স্বকীয়তার স্বীকৃতি দিয়ে মহান আল্লাহ তায়ালা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন ‘আল্লাহ তায়ালার নিদার্শনাবলীর অন্যতম হলো আসমান জমিনের সৃষ্টি, তোমাদের বিভিন্ন ভাষা ও বর্ণের পার্থক্য এবং স্বকীয়তা প্রদান।’সূরা রূম, আয়াত-২২।”
তিনি আরও বলেন, “মানুষের এই স্বাধীনতা অক্ষুন্ন ও অটুট রাখার ক্ষেত্রে সকলস্তরে সচেতন ও বলিষ্ঠ না থাকতে পারলে পরাধীনতার বিপদজনক থাবা নেমে আসে। নিজেদের স্বাধীনতা ও অধিকার আদায়ে সচেতন হওয়ার ব্যাপারে আল্লাহ তায়ালা ঘোষণা দিয়েছেন- ‘নিশ্চয় আল্লাহ তায়ালা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তনে সচেষ্ট হয়।’সূরা রাদ, আয়াত-১১।”
গতকাল (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ড. মাওলানা খলিলুর রহমান এইসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- মসজিদ মিশনের ঢাকা মহানগরী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, অধ্যক্ষ শহীদুল ইসলাম, মুফাসসির মাওলানা লুৎফর রহমান, মুফতি জাহিদুর রহমান, মুহাদ্দিস শাহ আলম, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, মুহাদ্দিস আশরাফুজ্জামান, মুহাদ্দিস মাহমুদুল হাসান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান জাকারিয়া, মাওলানা আলাউদ্দীন, মাওলানা আবুল হাসান, মুহাদ্দিস আবু উবাইদ, মাওলানা শাহিনুর রহমান প্রমুখ।
সভায় মসজিদ মিশনের আদর্শ হিফজখানা ও ইয়াতিমখানার ছাত্রদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এমবি





