ছিনতাইয়ের চেষ্টাকালে বাগমারা আসনের সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হকের ভাগ্নেসহ ৫ জনকে গণধোলাই দেয়া হয়েছে। পরে তাদের পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার ভোরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজনপুর গ্রামে তাদের গণধোলাই দেয়া হয়।

তারা হলেন- সংসদ সদস্য এনামুল হকের ভাগ্নে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকার নাদিরুজ্জামান আলমের ছেলে লিটন (২৫),নন্দনপুর এলাকার কফিল উদ্দিনের ছেলে ডালিম (২৪),রামরামা এলাকার কাদের মোল্লার ছেলে আব্দুল হালিম (২৬), সাদুড়িয়া এলাকার আহদ আলীর ছেলে আজাদ আলী (২৮) এবং দুর্গাপুর উপজেলার বড়ইল এলাকার মন্টু প্রমাণিকের ছেলে লাল্টু প্রমাণিক (২৫)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,ভোরে পান কেনার উদ্দেশে পাবনার সাঁথিয়া উপজেলার ব্যবসায়ীরা লেগুনাযোগে বাগমারার একডালা বাজারে যাচ্ছিলেন। দুর্গাপুর উপজেলার কয়ামাজনপুর গ্রামের কাছে পৌঁছলে দুটি মোটরসাইকেলযোগে ৬ ছিনতাইকারী তাদের গতিরোধ করেন।

তারা ওই ব্যবসায়ীদের পিটিয়ে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধরে গণধোলাই দেয়। একজন এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে দুর্গাপুর থানা পুলিশ ওই ৫ ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পান ব্যবসায়ী আব্দুল লতিফ বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।আদালতের মাধ্যমে  তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা. ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ