অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় আজহার (৬৫) নামে এক কেয়ারটেকারকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তুরাগে কালিয়ারটেক এলাকার সোনালী ব্যাংক কর্মকর্তা শহীদুল ইসলাম রাজুর বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়েছে।
নিহত আজহারের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার তারাবুনিয়া গ্রামে।
তুরাগ থানার এসআই ইজ্জত আলী জানান, ছয় তলা বাড়ির নীচতলায় একটি রুমে আজহার থাকতেন। ওই বাড়ির এক ভাড়াটিয়ার সাথে তার কয়েকদিন ধরে কথা কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, ওই ভাড়াটিয়া ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ চালায়। একাজে কেয়ারটেকার আজহার বাধা দিয়ে আসছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় ওই ভাড়াটিয়া বাসিন্দা তার আরও দুইজন সহকর্মীসহ একটি মোবাইল ফোনসেট চুরির অভিযোগ এনে আজহারের ওপর হামলা চালায়। লাঠি দিয়ে পেটানোর এক পর্যায়ে ঘটনাস্থলেই আজহারের মৃত্যু হয়। ঘটনার পর ওই ভাড়াটিয়া বাসিন্দা পালিয়ে যায়।পুলিশ লাশ উদ্ধারের সময় নিহতের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন ছিল।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





