চাঁদপুরে পেট্রলবোমা হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় ৬২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩২ জনের নামোল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানা উপ-পরিদর্শক মো. হামিদুল হক বাদী হয়ে এ মামলা করেন।
এদিকে পেট্রলবোমায় নিহত ট্রাকচালকের পরিচয় পাওয়া গেছে। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের সুরত আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন।
চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুল কাইয়ুম বলেন, রাতেই সাড়াশি অভিযান চালিয়ে সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়েছে।
এছাড়া জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া লাশ হস্তান্তরের জন্য নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা এলাকায় একটি পন্যবাহী চলন্ত ট্রাকে পেট্রলবোমা হামলায় চালক জাহাঙ্গীর হোসেন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও ৩ জন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। বুধবার দিবাগত গভীররাতে এ ঘটনা ঘটে।
এআর





