রাজধানীর মহাখালী টার্মিনালে অগ্রিম টিকিটের চাহিদা থাকলেও কোনো কাউন্টার থেকেই অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে না। যাত্রীরা অভিযোগ করেন, ঈদের আগে আগে তারা ভাড়া বাড়াবেন, এজন্যই কারসাজি করে টিকিট দিচ্ছেন না। এ বিষয়ে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সোমবার থেকে ঈদের অগ্রিম টিকিটের দেয়া হবে এমনটা জেনে মহাখালী টার্মিনালের বিভিন্ন কাউন্টারে টিকিট কিনতে আসা লোকজনকে দেখা গেলেও কোনো টিকিট দিচ্ছে না কাউন্টারগুলো। টিকিট না পেয়ে অন্যান্য টার্মিনালে যাচ্ছেন যাত্রীরা।

কাউন্টার ম্যানেজাররা বলছেন, আমরা অগ্রিম কোনো টিকিট দিচ্ছি না। কেন টিকিট দিচ্ছেন না এমন প্রশ্নের তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তবে ভাড়া বাড়ানো হবে না বলে তারা আশ্বস্ত করেন।

মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, কিশোরগঞ্জ, নরসিংদী, ভৈরব লাইনের বেশি গাড়ি চলাচল করে। সিটিং সার্ভিস ও লোকাল উভয় ধরনের গাড়ি পাওয়া যায় এখান থেকে।

ময়মনসিংহগামী বাসের অগ্রিম টিকিট কিনতে এক যাত্রী বলেন, সরকার সোমবার থেকে অগ্রিম টিকিট দিতে নির্দেশ দিয়েছে। কিন্তু তারা মানছেন না। তিনি অভিযোগ করেন, ঈদের আগে আগে ভাড়া বাড়ানোর জন্যই তারা এ কৌশল নিয়েছেন। আরো এক যাত্রী অভিযোগ করে বলেন, নওগাঁ যাওয়ার জন্য একতা পরিবহনের ৫টি টিকিট কিনতে তিনি এখানে এসেছেন। কিন্তু একতা পরিবহন থেকে অগ্রিম কোনো টিকিট দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ঈদের আগে আগে টিকিট প্রতি ৫০ থেকে ১০০ টাকা ভাড়া বাড়ানো হয়। এবারও তারা এ কাজ করবেন বলে অগ্রিম টিকিট দিচ্ছেন না। মহাখালী-ময়মনসিংহ রুটে

চলাচলকারী এনা পরিবহনের ফোরম্যান বলেন, আমরা এখনো অগ্রিম টিকিট দেইনি। আর দেওয়া হবে কিনা এটা নিশ্চিত নয়। তিনি জানান, এখানে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা রয়েছে। যাত্রীদের ভোগান্তি হবে না। ঈদের আগে যেকোনো দিন যেতে চাইলে তারা টিকিট নিয়েই যেতে পারবেন। মূলত যাত্রীদের ভালোর জন্যই আমরা অগ্রিম টিকিট দেই না বলেও জানান তিনি।

বগুড়া রুটে চলাচলকারী একতা পরিবহনের কাউন্টার ম্যানেজার জানান, তারা অগ্রিম কোনো টিকিটের ব্যবস্থা করবেন না। টিআর পরিবহনের ম্যানেজার বলেন, আমরা অগ্রিম কোনো টিকিট এখন দিচ্ছি না। যদি কর্তৃপক্ষ অগ্রিম টিকিট ছাড়তে বলে তবে আমরা ছাড়তে পারি। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো নির্দেশনা নেই। ঈদের আগে কোনো ভাড়া বাড়বে না বলেও জানান তিনি। যাত্রীদের চাহিদার বিষয়ে তিনি বলেন, চাহিদা থাকবে। এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই