সাভারে একটি নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে তিন ডাকাতকে আটক করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার হওয়া নৈশ কোচের চালক আমিনুল জানান, তারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে রয়েল এক্সপ্রেস নামে ঢাকা (মেট্রো ব ১৪-৬৮-৩৩) একটি নৈশ কোচে ঢাকায় আসার জন্য রওয়ানা দেন।

বাসটি ঢাকা -আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে যাত্রী নামানো সময় হঠাৎ করে বাসের দরজা দিয়ে অস্ত্রসহ কয়েকজন ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাসের ভিতরে সব যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে।

এ ঘটনায় বাসচালক আমিনুল ইসলাম, সুপারভাইজার সোহেল ও হেলপার পিন্সসহ কয়েক জনকে পিটিয়ে আহত করে ডাকাতরা। এ সময় বাসের জানালার গ্লাস ভাঙচুর করা হয়।

ডাকাতির সময় বাসের ভিতরের একযাত্রী সাভার মডেল থানার পুলিশকে জানালে সাভারের উলাইল এলাকায় বাসটি আটক করে পুলিশ। এ সময় পুলিশ বাসের ভিতর থেকে তিন ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বাসে ডাকাতির বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এমএনজে