কক্সবাজারের চকরিয়ার পৌরসভার দিগরপানখালী এলাকায় নারায়ণ দাশ (৩৩) নামে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় নারায়ণের বাবা-মা, স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার ভোরে এ ঘটনা ঘটে।
নারায়ণ দাশ দিগরপানখালী এলাকার প্রফুল্ল রঞ্জন দাশের ছেলে ও চট্টগ্রামের লোহাগাড়া এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, দুর্বৃত্তরা ভোরে নারায়ণের বাড়িতে ঢুকে তাকে ও পারিবারের অন্য সদস্যদের গুলি করে পালিয়ে যায়। এ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে।
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এদিকে, স্থানীয়রা জানান, নারায়ণের পরিবারের সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির জমি-জমা নিয়ে বিরোধ ছিল। তাদের ধারণা, এ ঘটনার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
এএইচ





