নলছিটিতে বাসের ধাক্কায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসসহ চালক অরবিন্দু কুমার দাসকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল ৫টার দিকে ঝালকাঠির নলছিটির উপজেলার ভৈরবপাশা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নলসিটি উপজেলার মগর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার সোহরাব হাওলাদারের ছেলে অটোরিকশা চালক মো. মোস্তফা হাওলাদার (৩৫) এবং একই উপজেলার ইশ্বরকাঠি এলাকার হাফেজ হাসান আহম্মেদের স্ত্রী যাত্রী হাফিজা বেগম (২০)।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়ের জানান, বরিশাল-খুলনা সড়কের ভৈরাবপাশা এলাকায় যাত্রী নিয়ে মোড় ঘুরছিলেন অটোরিকশা চালক মোস্তফা হাওলাদার। এসময় বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও যাত্রী হাফিজা বেগম মারা যান।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক বাসসহ চালক অরবিন্দু কুমার দাসকে আটক করেছে পুলিশ। সে বাগেরহাটের বিষখালি এলাকার অমূল্য কুমার দাসের ছেলে।

জেআই