বগুড়া জেলার সোনাতলা উপজেলায় শিউলী বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী বাদশা আকন্দসহ (৩০) তিন জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শিউলীর বাবা বাবলু আকন্দ বাদী হয়ে সোনাতলা থানায় মামলাটি দায়ের করেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সারিয়াকান্দী উপজেলার হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়াচর এলাকার আনিছ আকন্দের ছেলে বাদশা আকন্দের (৩০) সঙ্গে ৬ বছর আগে শিউলীর বিয়ে হয়। তাদের দুইটি জমজ সন্তানও রয়েছে। প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকতো।

এর জের ধরে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শিউলী বাবার বাড়িতে চলে এলে বোন জামাই মোবাইল ফোনে শিউলীকে চরপাড়া বাজারে ডেকে নেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বটতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অজ্ঞান হয়ে যান শিউলী।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন, সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় হত্যার অভিযোগে বাদশা আকন্দসহ তিনজনের নামে শিউলীর বাবা বাবলু আকন্দ মামলা দায়ের করেছেন।

জেডআই