যেসব বিশ্ববিদ্যালয় সরকার কতৃক নির্দেশিত শর্ত মানবেনা তাদের অনুমোদন বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর মালিক, উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

উল্লেখ্য, রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলায় জড়িতরা অধিকাংশই বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যমের ছাত্র। হামলায় অভিজাত ও উচ্চশিক্ষিত এসব তরুণের জড়িত থাকার প্রেক্ষাপটে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সরকার এ বৈঠকের আয়োজন করে।

এসএম