গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় খাস জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে হাতেম আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার দুপুর ১টার দিকে কাটাবাড়ির ফুলহার গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত হাতেম আলী ওই গ্রামের জানু মন্ডলের পুত্র।
আহতরা হলেন, হামিদুল ইসলাম (৫০), মর্জিনা বেগম (৪০), মাহফুজ মিয়া (৪২), লুৎফর রহমান (৫৩), আয়শা বেগম (৫৫), রওশন আরাকে (৬০)। পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেছে।
স্থানীরা জানান, ফুলহার গ্রামে করতোয়া নদীর তীরের একটি খাস জমি নিয়ে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ী গ্রামের নুরুন্নবী মিয়ার বিরোধ চলে আসছিল। দুপুরে ওই জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন হাতেম আলী।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এমকে





