বাগেরহাটে নির্মাণ হচ্ছে হজরত খানজাহান (র.) বিমানবন্দর। এ জন্য প্রধনমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন।হজরত খানজাহান (র.) বিমানবন্দর নির্মাণ প্রকল্প প্রধানমর্ন্ত্রীর ফার্স্টট্র্যাক প্রকল্পের অন্তর্ভুক্ত হচ্ছে। বাগেরহাটে এ বিমানবন্দর নির্মাণের জন্য ৫৩৬ একর ভূমি অধিগ্রহণ করা হবে। এর নির্মাণকাজ শেষ হবে ২০১৯ সালে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজরত খানজাহান (র:) বিমানবিন্দর নির্মাণসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

হজরত খানজাহান (র.) বিমানবন্দর নির্মাণ প্রকল্প ইতিমধ্যে একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৪৪ কোটি ৭৪ লাখ টাকা, যার মধ্যে সরকার দেবে ৪৯০ কোটি ২৭ লাখ ৫০ হাজার এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থায়ন করবে ৫৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

সভায় জানানো হয়, বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে এ বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে এ অঞ্চলের প্রধান উৎপাদিত পণ্য চিংড়ি রপ্তানিতে এ বন্দর অত্যন্ত সহায়ক হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এস এ সামাদ, বাগেরহা্ট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব এস এম গোলাম ফারুক, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মাশাল এহসানুল গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড. নমিতা হালদার, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাংগীর আলম প্রমুখ।

এআই