বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতে এক আইনজীবীর হাতের আঙ্গুল কামড়ে বিচ্ছিন্ন করে দিয়েছে আরেক আইনজীবী। রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানায়, আদালতে বিরতি চলাকালে একই আদালতের অতিরিক্ত পিপি ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব একেএম ফজলুল হক সবুজ এর সঙ্গে এপিপি আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য রবিউল আলম মিঠুর বাকবিতণ্ডা শুরু হয়।

রবিউল আলম মিঠু একপর্যায় ফজলুল হক সবুজের বুকে ঘুষি দেয়। এতে সবুজ মেঝেতে পড়ে যায়। এরপর আবারও তাকে মারতে গেলে সবুজ মিঠুর ডান হাতের বৃদ্ধাঙ্গুলে কামড় দেয়। এতে তার হাত থেকে আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্যান্য আইনজীবীরা দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দু’জনের মধ্যে রবিউল আলম মিঠুকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার ফি এর টাকা ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

এপিপি রবিউল আলম মিঠুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অসুস্থ, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইনা।

বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি রেজাউল করিম মন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দু’জনই আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য তাদের নেতারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।

আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি আব্দুল মতিনের কাছে ঘটনার কারন জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, ‘দু’জনকেই দেখতে গিয়েছি। মিঠুর হাতের আঙ্গুল অপারেশন করা হয়েছে। এর বেশি কিছু আমি জানি না।’

কেএইচ