সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের আক বয়ড়া গ্রামে আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আক বয়ড়া গ্রামে তিন বছর পূর্বে একটি ঈদগাঁ মাঠ নির্মাণ করা হয়। এ মাঠের আধিপত্য নিয়ে একই গ্রামের ইউনুস আলী কালু (৫০) এর সাথে সুজাবত আলীর বিরোধ চলছিলো। এ নিয়ে গ্রামে দু'পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এর জের ধরে আজ সকালে সুজাবত আলী লোকজন নিয়ে কালুর উপর হামলা করে মারাত্মক আহত করে। পরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে কালুর মৃত্যু সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কেএইচ