কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুইজন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতভর অভিযান চালিয়ে এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-চরবাখইল গ্রামের রাইহান আলী (৪৬), বজরুখ বাখইল গ্রামের মোবারক হোসেন (৪৫), খোর্দ্দবাখইল গ্রামের আব্দুল আজিজ (৪৫), কুতুব উদ্দিন (৫২), ঝাউদিয়ার আমিজ উদ্দিন (৫৬) ও হাতিয়ার শামীম (২০)।
কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম ৬ জনের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে শনিবারের ওই ঘটনায় এখনও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উভয়পক্ষের লোকজনদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার রাতে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান ঘটনাস্থল ঝাউদিয়ার মাছপাড়া পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য কেরামত আলী এবং সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে ইমান আলী মন্ডল (৪২) ও শাহাবুদ্দিন (৪৫) নিহত হন। এছাড়া এ ঘটনায় আহত হয় আরো অন্তত১৫ জন।
এমএনজে





