লেখক ও ব্লাগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের যতক্ষণ পর্যন্ত না গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত গণজাগরণ মঞ্চের কর্মীদের শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, অভিজিতের ওপরে হামলা অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার ওপরে হামলা। এ হত্যাকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নেব না।
তিনি আরও বলেন, এখনই জনগণকে জঙ্গিবাদী ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে বাংলাদেশ পাকিস্তানে পরিণত হওয়ার জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া ছাড়া উপায় থাকবে না।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত আছেন, অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, গণজাগরণ কর্মী জীবনানন্দ জয়ন্ত, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য সনাতন মালো, মানবাধিকার সংগঠক অ্যারোমা দত্তসহ গণজাগরণ, উদীচীর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
জেআই





