আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে।

বুধবার সকাল ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-প্রতাপপুর গ্রামের সাহেব আলীর ছেলে লিয়াকত আলী (৪৮), আহম্মদ আলীর ছেলে হাফিজ উদ্দীন (৫০), খলিলুর রহমানের স্ত্রী মমেনা খাতুন (৩৫), মাহফুজুর রহমানের স্ত্রী আমেনা খাতুন (৪০), ওলি মিয়ার ছেলে মাহফুজুর রহমান (৪৫)। বাকীদের পরিচয় এখনো জানা যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতাপপুর গ্রামের রবিউল ইসলাম ও আব্দুল গণির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে সকালে উভয়পক্ষ রাম’দা, লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এলাকাবাসী পুলিশে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এমকে