লক্ষ্মীপুরে জিসান বাহিনীর সন্ত্রাসীদের হাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গুলিবিদ্ধ নেতার নাম ওমর ফারুক বলে জানা যায়।

শনিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ ফারুককে মুমূর্ষু অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি লতিফপুর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত ঢাকা-রায়পুর মহাসড়কের চন্দ্রগঞ্জে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন।

এতে ওই রুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগের শিকার হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, সকাল সাড়ে ৯টার দিকে ফারুক তার নিজ বাড়ির সামনে দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় জিসান বাহিনীর ৭/৮ জন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

এতে ফারুক পেটে ও বাম হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় এলাকাবাসী।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, জিসান বাহিনীর সন্ত্রাসীদের হাতে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। অবরোধ তুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসপি শাফিউর রহমান।

এসএইচ