মাদকসেবী যুবকের হাসুয়ার (বড় আকারের দা)কোপে রাজশাহীর চারঘাট উপজেলায় মর্জিনা বেগম ওরফে লতা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মর্জিনা বেগম ওই গ্রামের মৃত সাইফুল ইসলাম ওরফে তারার স্ত্রী। এ ঘটনার পর গণপিটুনি দিয়ে মাদকসেবী যুবক মকসেদ আলীকে (৩০) পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। মকসেদের বাবার নাম জামাল উদ্দীন প্রামানিক।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মকসেদ হেরোইন সেবন করেন। সকালে মাদকসেবনের টাকার জন্য মকসেদ তার মা সপুরা বেগমকে মারধর করছিলেন। এ সময় তাকে বাধা দেন প্রতিবেশী মর্জিনা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মকসেদ।

এ সময় মর্জিনা বেগম দৌড়ে পালাতে থাকেন। তখন পেছন থেকে তাকে হাসুয়ার কোপ দেন মকসেদ। এতে ঘটনাস্থলেই নিহত হন মর্জিনা বেগম। ঘটনার পর স্থানীয়রা মকসেদ আলীকে আটক করে গণপিটুনি দেন।

তিনি (ওসি) আরো জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। আর আটক মকসেদ আলীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

রাশেদুল আলম /এসএম