ব্লগার নিলয় হত্যার বিষয়ে ডিবির সঙ্গে বৈঠক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডরেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এর একটি প্রতিনিধি দল। গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে বৈঠক শেষে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের গোয়েন্দা পুলিশের (পূর্ব জোন) উপ-কমিশনার (ডিসি) মাহবুব আলম এ তথ্য জানান।
তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্ত সংক্রান্ত বিষয়ে আজ পূর্ব নির্ধারিত বৈঠক ছিলো। এই বৈঠকেই তারা (এফবিআই কর্মকর্তারা) নিলয় হত্যাকাণ্ড সম্পর্কেও জানতে চেয়েছেন এবং এই মামলার তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।
‘আমরাও কোন কোন বিষয়ে এফবিআই-এর সহযোগিতা নিতে পারি সেগুলো চিহ্নিত করেছি। মামলা চলাকালে সাহায্যের প্রয়োজন হলে তাদের কাছ থেকে কারিগরি প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নেওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, এখনও অভিজিৎ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করতে পারিনি এটা সত্য। কিন্তু ওয়াশেকুর রহমান বাবু হত্যা মামলার কার্যক্রম অনেকখানি এগিয়েছে।
অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে জানিয়ে ডিসি মাহবুব আলম বলেন, আশা করছি খুব তাড়াতাড়ি এসব ঘটনার রহস্য উৎঘাটন করতে সক্ষম হবো।
নিলয় হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পাওয়া সব আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে।
‘এফবিআই-এর কাছ থেকে তদন্ত কাজে আমরা উন্নত প্রযুক্তির সহায়তা নিচ্ছি।’
এআই





