করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসাবে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৬৫৪ জন।

গত সাত মাস পর করোনায় একদিনে এটাই দেশে সর্বনিম্ন মৃত্যু। সবশেষ গত ১১ মার্চ করোনায় ছয় জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ৬৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসাবে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮১৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।

শুক্রবার (০৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই সময়ে রোগী শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। আর মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৩ হাজার ২০৪টি আর পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৩০২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ৮৯ হাজার ১১২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৬ লাখ ২৫ হাজার ৮০৪টি।

গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে পুরুষ তিন জন আর নারী চার জন। দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ ১৭ হাজার ৭৩৩ জন আর নারী ৯ হাজার ৯২১ জন মারা গেলেন।

মৃতদের মধ্যে ঢাকা আর চট্টগ্রাম বিভাগের আছেন ৩ জন করে আর রংপুর বিভাগের আছেন ১ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬ জন আর বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

এমবি