প্রতিটি শিল্পাঞ্চল এলাকায় বাধ্যতামূলক একটি জলাধার রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬’এর উদ্বোধন করে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘যেখানেই শিল্পাঞ্চল সেখানেই পুকুর, লেক বা অন্যকোনো জলাধার থাকতে হবে। এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষিত হবে। আগুন লাগলে তা নেভাতেও পানি দরকার, সেক্ষেত্রে এ জলাধার কাজে লাগবে।’

রাজউকের প্রতি নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি এলাকায় শিল্পাঞ্চলের অনুমোদন দেয়ার আগে অবশ্যই সেখানে জলাধার রাখার বিষয়টি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গৃহায়ন নির্মাণ কর্তৃপক্ষকে নিশ্চিত হতে হবে।’

পরিবেশ রক্ষা সবারই দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, আশা করি, দেশের প্রতিটি মানুষ বৃক্ষরোপণের দিকে মনোযোগ দেবেন।

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের দেশে বন্যা শুরু হয়েছে। বন্যা মাঝে মধ্যেই আসে। কাজেই বন্যাদুর্গত মানুষের সাহায্যে সকলকেই এগিয়ে আসতে হবে।’’

প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যা যেমন আমাদের ক্ষতি করে, তেমনি উপকারও করে। যে ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যায় এই বন্যা সেটা পূরণ করে। তাছাড়া বন্যা ব-দ্বীপের ভূমিও পুনর্গঠন করে। বন্যায় যেন মানুষের কোনো ক্ষতি না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ আমাদের নেওয়া প্রয়োজন।’

বন্যা মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘নদীগুলোর ড্রেজিং এবং পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। কোথাও বন্যা হলে বন্যার জন্য জায়গা রাখা এবং পানির প্রবাহ যেন ঠিক থাকে সে ব্যবস্থাসহ অনেক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।’

বিশ্বব্যাপি পরিবেশ দিবসে এবারের স্লোগান, ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচাই প্রকৃতি-বাঁচাই দেশ’, আর বাংলাদেশে এ দিবসের স্লোগান ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’।

ইআর